
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে দোকানের পেছনের দেয়াল ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রূপার অলংকারসহ প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক উত্তম কুমার সিংহ।
শনিবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পান উত্তম কুমার সিংহ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দোকান মালিক উত্তম কুমার সিংহ জানান, সকালে দোকান খুলে ভেতরে গিয়ে তিনি পেছনের দেয়াল ভাঙা দেখতে পান। চোরেরা ওই দেয়াল ভেঙে দোকানে প্রবেশ করে বিভিন্ন স্বর্ণ ও রূপার অলংকার নিয়ে গেছে বলে তাঁর দাবি।
তিনি জানান, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে ২১ ক্যারেটের ১২৪টি নাকফুল ও ১৫টি আংটি, ৫০ ভরির বেশি রূপা, এছাড়া রুলি, হাতের বালা ও রূপার চেইনসহ আরও অলংকার, দেড় ভরি ওজনের একটি হার, এক জোড়া দুল, ৬ আনা ওজনের একটি আংটি চুরি হয়েছে।
তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশও ঘটনাটি তদন্ত করছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কার সিদ্দীক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন