
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করেই ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।
বুধবার বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম বলেন, মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের পত্র মোতাবেক ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ইলিশ আমদানি বন্ধ করা হয়েছে। ২১ সেপ্টেম্বরের পরে বেনাপোল বন্দর দিয়ে কোন ইলিশ প্রবেশ করেনি। চলতি বছরের জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৫৩ মেট্রিক টন ইলিশ এসেছে। যার আমদানি (এলসি) মূল্য ৯ লাখ ১০ হাজার ডলার।
এর আগে মৎস্য অধিদপ্তর ভারত থেকে ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বছরের প্রথম দুই মাসে আমদানি করা ইলিশের ঘোষিত মূল্য ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। জুলাইয়ে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশের আমদানি মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। অগাস্টে ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি মাছের ঘোষিত মূল্য দাঁড়ায় ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা।
জুলাই ও অগাস্টে মোট ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে ইলিশ এনেছে। জুলাইয়ে তিনটি এবং অগাস্টে ১৯টি প্রতিষ্ঠান এই আমদানি করেছে।
মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে হঠাৎ ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।
মন্তব্য করুন