
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় রাতে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরলো দুই প্রাণ।
এর মধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) এবং সাতক্ষীরা-যশোর মহাসড়কে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে সোহান হোসেন (১৯) নামে দুই যুবক নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।
সেখানে নিহত মেহেদী হাসান সবুজ সাতক্ষীরার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী শাহিন বিশ্বাস, কামরুল ইসলামসহ স্থানীয়রা জানান, কাজ শেষে মেহেদী হাসান মোটরসাইকেলযোগে কুমিরা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
এর কিছু সময় পর সাতক্ষীরা-যশোর মহাসড়কের মাধবকাটি বাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে সোহান হোসেন (১৯) নিহত হন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়ার মৃত সবুর হোসেনের ছেলে। এ ঘটনায় জিম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান ও পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম ঘটনা দুটি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন