
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ‘সরকারি-বেসরকারি সেবাদাতাদের মানবাধিকার সুরক্ষায় ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক), সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর সহায়তায় নাগরিকতা; সিভিক এনগেজমেন্ট ফান্ড প্রোগ্রামের অধীনে Engage Now প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার অর্নব দত্ত।
সভায় ধারণাপত্র পাঠ করেন ক্রিসেন্ট সংস্থার পরিচালক আবু জাফর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, উপজেলা সমাজেসেবা অফিসার মো: শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী।
আলোচনা করেন সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্বল, সাকিবুর রহমান বাবলা, কিশোরী মোহন সরকার, পবিত্র মোহন দাশ, আঃ হামিদ, মমতাজ আহমেদ বাপি, গোলাম সরোয়ার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মানবাধিকার সুরক্ষা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং সেবাদানকারী প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত। নাগরিকদের প্রতি সম্মানজনক আচরণ, সেবায় সমতা নিশ্চিত করা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা, অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা মানবাধিকারসম্মত সেবার গুরুত্বপূর্ণ উপাদান।
সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং বিদ্যমান সমস্যা চিহ্নিত করার মাধ্যমে সেবার মান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব। এ ধরনের মতবিনিময় সভা সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দায়িত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নে সহায়তা করবে।

মন্তব্য করুন