
ডেস্ক রিপোর্ট: প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষার লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে বিনামূল্যে প্রাণিসম্পদ টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।
ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট (এএসডি)-এর উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার সকাল ১০টায় উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোয়ালকাঠি ও মাদারবাড়িয়া গ্রামে ১ হাজার ৭১৭টি পশু-পাখিকে এই টিকা প্রদান করা হয়। এর মধ্যে ২৭০টি ছাগল, ৪৭টি ভেড়া, ১০০টি গরু, ৫৫০টি হাঁস এবং ৭৫০টি মুরগি রয়েছে।
টিকাদান ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রজেক্ট (এএসডি)-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান, প্রকল্পের প্রতিনিধি আসাদুল হাসান ও মোঃ হেদায়েতুল্লাহ খান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আব্দুস সালাম বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা প্রদান করা হলে পশু-পাখির রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি থেকেও সুরক্ষা দেওয়া সম্ভব।
ফ্রেন্ডশিপের এএসডি-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান বলেন, ফ্রেন্ডশিপ উপকূলীয় এলাকার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, জীবিকার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় এ টিকাদান কর্মসূচি স্থানীয় জনগণের প্রাণিসম্পদ সুরক্ষা, পশু-পাখির রোগ প্রতিরোধ এবং খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতির ঝুঁকি কমানোর পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।

মন্তব্য করুন