
ডেস্ক রিপোর্ট: খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের শুক্রবারের ম্যাচে মেহেরপুর জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ৯ উইকেটে পরাজিত করে টানা ২য় জয় পেয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল।
এতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মেহেরপুর। ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৩৬ রান। দলের পক্ষে মিজানুর রহমান ৪৬ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৩১ রান করেন। এছাড়া রাগিব নেহাল ২২, আতিফ আদনান ১৬ এবং আশফাক মাশফি ১৫ রান করেন। সাতক্ষীরার বোলারদের মধ্যে তামিম ইকবাল ২৫ রানে ৪টি এবং হাসিবুর রহমান ৩৭ রানে ৩টি উইকেট নেন।
এছাড়া আজনাত আব্দুল্লাহ (১০ ওভারে মাত্র ১৭ রান), তানভীর হাসান ও ফাহিম হাসান আর্কো ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাতক্ষীরা জেলা দল ২৮.১ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে মোঃ সালমান আফ্রিদি ৯৮ বলে ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৫ রান করেন। এছাড়া রুহান আহমদ সবুজ অপরাজিত ৩৫ এবং মোঃ নাফিস আনজুম ১৪ রান করেন।
ব্যাট হাতে অপরাজিত ৭৫ রানের অনবদ্য ইনিংসের জন্য সাতক্ষীরার মোঃ সালমান আফ্রিদি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
দলের সঙ্গে রয়েছেন প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম এবং ম্যানেজার মো: আলতাফ হোসেন।
দলের পরের ম্যাচ ৩০ নভেম্বর মাগুরা জেলা অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন