
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে মাছ ধরার জালে পেঁচিয়ে নৌকা ডুবে নিহত আব্দুল আজিজের জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার তারালি ইউনিয়নের আমিয়ান গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় অংশ নেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরফানুর রহমান। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম এলাকায় ময়নার ইটভাটার সামনে কাঁকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আজিজ (৩৫) নৌকায় করে কাঠ নিয়ে যাওয়ার সময় নদীতে পাতা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে তিনি পানিতে তলিয়ে যান।
এ সময় নৌকায় থাকা তাঁর স্ত্রী কাজল বেগম (৩০) ও তিন বছর বয়সী ছেলে আবিরকে জীবিত উদ্ধার করা হয়।

মন্তব্য করুন