
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পোস্ট অফিস চত্বরে আকস্মিক ঢুকিয়ে দেওয়া একটি জিপের চাকায় পিষ্ট হয়ে চারটি কুকুর ছানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুটি কুকুর ছানা আহত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিস চত্বরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের দিক থেকে আসা একটি কালো রঙের টয়োটা আরএভিফোর জিপ (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৩০) চালক আকস্মিক পোস্ট অফিস চত্বরে ঢুকিয়ে দেন। এসময় সেখানে সাতটি ছানা নিয়ে একটি কুকুর ঘুমিয়ে ছিল। চালক বিষয়টি খেয়াল না করে জিপটি সামনে নিয়ে যাওয়ায় চাপা পড়ে ঘটনাস্থলেই চারটি কুকুর ছানা মারা যায়। বেঁচে যায় তিনটি ছানা, এর মধ্যে দুটি আহত হয়।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন দাবি করেন, ঘটনার সময় চালকের আচরণ অসংলগ্ন ও অস্বাভাবিক ছিল; তিনি নেশাগ্রস্ত বা মানসিক ভারসাম্যহীন অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, তা খতিয়ে দেখা দরকার। এ সময় গাড়িতে এক নারী উপস্থিত ছিলেন বলে জানান তারা। তাৎক্ষণিক আশপাশের লোকজন জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে তারা গাড়িটি নিয়ে সটকে পড়েন।
এ বিষয়ে সাতক্ষীরা পোস্ট অফিসের পোস্টমাস্টার দেবাশীষ কর্মকার জানান, চালক বেখেয়ালবশত গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এতে সাতটি কুকুর ছানার মধ্যে চারটি ছানা মারা গেছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং গাড়িটি কার, সে বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে সাতক্ষীরা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মনির উদ্দিন বলেন, চালকের অবহেলায় এভাবে নিরীহ প্রাণীর মৃত্যু অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। গাড়ি চালানো বা পেছনে নেওয়ার আগে আশপাশ ও চাকার নিচে কোনো প্রাণী আছে কি না, তা সতর্কতার সঙ্গে দেখে নেওয়া উচিত ছিল। পশু সংরক্ষণ আইন অনুযায়ী প্রাণীদের প্রতি সংবেদনশীল থাকা জরুরি। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিবেশকর্মী সাকিবুর রহমান বাবলা বলেন, শীতের শুরুতে রাস্তাঘাট, গলি, পার্কিং স্পট কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ও গেটের পাশে উষ্ণতার খোঁজে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর আশ্রয় নেওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে শীতের বিকেল ও সন্ধ্যায় অথবা গাড়ি চালানোর সময় চালকদের বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। এ সময় অধিকাংশ মা কুকুরের ছোট ছোট বাচ্চা সাথে থাকে। বাচ্চাদের জন্য নিরাপদ আশ্রয় খোঁজে। এজন্য গাড়ির নিচে অবস্থান নেয়। সেজন্য আমাদের খেয়াল রাখা উচিত।

মন্তব্য করুন