
ডেস্ক রিপোর্ট: ঢাকার বিমানবন্দর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া তার দুই ভাই মো. রেজাউল আলম শাহিন ও বুলবুল মিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রবিবার সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম মর্তুজা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেপ্তার শায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী মো. মনিরুল ইসলাম পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে এসবি প্রধান ছিলেন। গ্রেপ্তার আসামিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষাবলম্বন করে বিভিন্ন সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচার করে আসছেন।
পুলিশের আবেদনে আরও দাবি করা হয়, বিমানবন্দর থানার ওই ককটেল বিস্ফোরণের ঘটনাসহ ঢাকা শহরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার জন্য তারা লোকজন একত্রিত করাসহ অর্থের জোগান দিয়ে আসছেন বলে জানা গেছে। পাশাপাশি ঘটনার সময় ঘটনাস্থলে নাশকতার উদ্দেশ্যে অন্য আসামিদের একত্রিত করার ষড়যন্ত্র করছিলেন বলেও প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা।
শুনানির সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাদের এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের রিমান্ডে নেওয়ার কারণ উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

মন্তব্য করুন