
আলী আজীম, মোংলা (বাগেরহাট): নিজস্ব জায়গায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে পুরাতন বন্দর এলাকার মেরিন ড্রাইভ সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযান পরিচালনা করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার। এ সময় ২ একর জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় তিনি বলেন, অভিযানের প্রথম দিন সোমবার ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে বন্দরের ২একর জমি উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, বন্দর কর্তৃপক্ষের ১০ একর জমিতে ১১৭০টি অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে বাকী সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বন্দরের বেদখল জমি উদ্ধার করা হবে।
এর আগে ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে পুরাতন মোংলা বন্দর এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু তারপর থেকে আবারো প্রভাবশালীরা বন্দরের জমি জবর দখল করে অসংখ্য স্থাপনা গড়ে তোলেন।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ নুরুজ্জামান ও উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামানসহ বন্দরের সম্পত্তি শাখার কর্মকর্তারা।

মন্তব্য করুন