
ডেস্ক রিপোর্ট: দূষণ, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবন আজ হুমকির মুখে। সুন্দরবন রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা ইউনিট ব্যতিক্রমধর্মী এক পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন পালন করেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ইকোট্যুরিজম কেন্দ্রে ভিবিডির স্বেচ্ছাসেবকরা সুন্দরবনের জলাভূমির মধ্যে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে সচেতনতামূলক বার্তা প্রদর্শন করে।
‘বাঁচাও সুন্দরবন, ওপেন ইয়োর আইজ, সেভ দ্য আর্থ’ এবং ‘সুন্দরবন বাঁচলে, বাংলাদেশ বাঁচবে’—এমন নানা বার্তার মাধ্যমে তারা বন সংরক্ষণের আহ্বান জানান।
এসময় প্লাস্টিক দূষণের ভয়াবহতা সম্পর্কে পর্যটকদের অবহিত করা হয় এবং তাদেরকে প্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর বর্জ্য না ফেলার আহ্বান জানানো হয়।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি ইব্রাহিম খলিল জানান, আমাদের এই উদ্যোগ শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সুন্দরবন রক্ষা, জলাধার সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করব।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ও তরুণদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে, যাতে তারা সচেতনভাবে পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নিতে পারেন।

মন্তব্য করুন