
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মানবপাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা শহরের রেজিস্ট্রি অফিস এলাকার লামিম ভিসা প্রসেসিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুল ইসলাম (৪৪) দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে পাচার করে আসছিলেন।
এ সংক্রান্ত এক মামলার বিবরণে বলা হয়েছে, মনিরুল ইসলাম এক নারীকে সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে তাকে সেখানে পাঠিয়ে দালালের মাধ্যমে যৌন কাজে বাধ্য করে এবং অমানুষিক নির্যাতন চালানো হয়। কোনোভাবে পালিয়ে সৌদি পুলিশের সহায়তায় তিনি দেশে ফিরে আসেন। এরপর পুনরায় মনিরুল ইসলাম তাকে ভয়ভীতি দেখিয়ে টাকার জন্য চাপ সৃষ্টি করছে।
এদিকে, ওই নারীর অভিযোগের ভিত্তিতে আদালতে মামলার আবেদন করা হয়, যা বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩-এর ৩১/৩২/৩৫/৩৬ ধারায় নথিভুক্ত হয়। আদালতের নির্দেশে সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযুক্ত মনিরুল ইসলামকে রোববার গ্রেফতার করেছে।
সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) সুশান্ত মন্ডল জানান, মানবপাচার চক্রের সদস্য মনিরুল ইসলামকে গ্রেফতার করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়াও এ চক্রের আরেক সদস্য রফিকুল ইসলামকে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই চক্রটি সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করে আসছে।
মন্তব্য করুন