

সুলতান শাহাজান, শ্যামনগর: ‘কোড’ জটিলতার অবসান হওয়ায় নবগঠিত সাতক্ষীরার শ্যামনগর পৌরসভায় দীর্ঘ দুই বছর ধরে বন্ধ থাকা জন্ম নিবন্ধন জট খুলেছে। এতে স্বস্তি প্রকশ করেছেন স্থানীয়রা ।
শ্যামনগর সদর ইউনিয়নসহ আশপাশের কয়েকটি মৌজা নিয়ে নবগঠিত শ্যামনগর পৌরসভার গেজেট হওয়ার পর থেকেই বন্ধ ছিল রাষ্ট্রের অত্যাবশ্কীয় জন্ম নিবন্ধন কার্যক্রম।
শ্যামনগর পৌরসভার প্রশাসনিক কোড সৃষ্টিতে দীর্ঘসূত্রিতার কারণে জন্মনিবন্ধন সেবা বন্ধ থাকায় পৌরবাসী নানা সমস্যায় পড়েছিলেন।
শ্যামনগর পৌরসভার হায়বাতপুর গ্রামের বাসিন্দা আবুল খায়ের বলেন, দুই বছর ধরে আমরা জন্মনিবন্ধন করতে পারছিলাম না। শিশুদের স্কুলে ভর্তি, পাসপোর্ট করা, বিভিন্ন সরকারি সেবা নিতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে এই সমস্যার সমাধান হওয়ায় আমরা খুবই আনন্দিত। তবে, অবশ্যই সেবা প্রদানে আন্তরিক হতে হবে। যেহেতু দুই বছর বন্ধ ছিল, এই জট কমাতে প্রয়োজনে অতিরিক্ত জনবল নিয়োগ দিতে হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন বলেন, পৌরসভার জন্মনিবন্ধন প্রক্রিয়ার কোড জটিলতা সমাধানে আমাদের সমন্বিত পদক্ষেপ সফল হয়েছে। বিগত দুই বছর ধরে জন্ম নিবন্ধন বন্ধ ছিল। এখন থেকে পৌরবাসী আবারও জন্মনিবন্ধন করতে পারবেন।
মন্তব্য করুন