

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার আনুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর বিছট ভাঙ্গনকূলে ওয়াপদা বাঁধের উপরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লিডার্সের সহযোগিতায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম আশাশুনির আয়োজনে জলবায়ু ন্যায্যতা, ক্ষতিপূরণ, নারীর অধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর দাবি তুলে ধরে প্লাকার্ড, ব্যানার ও কলস নিয়ে শত শত নারী-পুরুষ এতে অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুছ। ক্লাইমেট অ্যাকশান ফোরাম, আশাশুনির সভাপতি সাংবাদিক ইসমাইল হোসেন লিংকনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে আরও বক্তব্য রাখেন, বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ, বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম। সঞ্চালনা করেন ও মানববন্ধনের তাৎপর্য তুলে ধরে আলোচনা রাখেন, লিডার্সের ব্রীজ প্রজেক্ট অফিসার এস এম আফজাল হোসেন। অনুষ্ঠানে ফিল্ড ফ্যাসিলেটর তৃষ্ণা দত্ত ও সুমিত্রা মল্লিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, উপকূলীয় মানুষের জলবায়ু ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত করতে টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা এবং ঘূর্ণিঝড় ও সাইক্লোনের ক্ষয়ক্ষতি থেকে জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলীয় সাধারণ মানুষ দায়ী না হলেও তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ন্যায্য অধিকার নিশ্চিত করা, জলবায়ু তহবিলের যথাযথ ব্যবহার এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা।

মন্তব্য করুন