
ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা পরিচয়ে এই প্রতারণা চালানো হচ্ছে। এ অবস্থায় প্রতারক চক্র থেকে সতর্ক থাকতে নাগরিকদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
রোববার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে একটি প্রতারক চক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। এ ক্ষেত্রে প্রতারকরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে তারা।
ইসি জানিয়েছে, এনআইডি সংশোধনসহ পরিচয়পত্রসংক্রান্ত কোনো ধরনের সেবা দিতে নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে না। তাই এসব মাধ্যমে এনআইডি সংশোধনের প্রস্তাব বা সেবার আশ্বাস দিয়ে অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এনআইডি সংক্রান্ত যেকোনো সেবা পেতে নাগরিকদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের নির্ধারিত হটলাইন ১০৫ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।
প্রতারণার হাত থেকে বাঁচতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, এনআইডির কপি কিংবা টাকা না দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন