
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম উপস্থিত থেকে এই ত্রাণ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ১০৫ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, পানি উন্নয়ন বোর্ড খুলনার বিভাগীয় তত্ত্বাবধায়ক সৈয়দ শাহিদুল আলম, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস প্রমুখ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের ভাঙন কবলিত এলাকার রিংবাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে সক্রিয়ভাবে কাজ করছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় জনগণ এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় দুই পাশ থেকে রিং বাঁধ নির্মাণের তৃতীয় স্তরের কাজ বর্তমানে চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে খোলপেটুয়া নদীর দেড়’শ ফুট জায়গা জুড়ে বেঁড়িবাধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ। ভেসে যায় প্রায় ৪ হাজার বিঘা মৎস্য ঘের এবং ২১ হেক্টর জমির ফসল। বিধ্বস্ত হয় শতাধিক কাঁচাঘর বাড়ি।
মন্তব্য করুন