
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা উত্তরণ।
স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহযোগিতায় ‘এমার্জেন্সি রিলিফ অ্যাসিস্ট্যান্স ফর এমব্যাংকমেন্ট ব্রিচ অ্যাফেক্টেড কমিউনিটিজ ইন আনুলিয়া ইউনিয়ন, আশাশুনি’ প্রকল্পের আওতায় ভাঙনকবলিত এলাকার ৫শ পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেবে সংস্থাটি।
শনিবার (১২ এপ্রিল) বিকালে আনুলিয়া ইউনিয়নের বিছট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রথম ধাপের আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
এই ধাপে ৬৮টি পরিবারকে হাইজিন ও ডিগনিটি কিটস এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হয়। প্রকল্পের আওতায় মোট ৫০০ পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। উত্তরণ যেভাবে দ্রুত এবং সংগঠিতভাবে সহায়তা দিচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
আরও উপস্থিত ছিলেন উত্তরণ-এর প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার ও সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা এবং হেইস অফিসার মো: আল-আমিন মোল্লা।
স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইনান্স অ্যান্ড অপারেশন্স অফিসার সুজান লিন, হেড অফ নেটওয়ার্ক অ্যান্ড ডেভেলপমেন্ট সাজিদ রায়হান, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শফিউল আলম ও ডিআরএফ ম্যানেজার এনামুল হক।
অনুষ্ঠানে উত্তরণ-এর প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ বলেন, বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে আমরা বর্তমানে জরুরি সহায়তা প্রদান করছি। কিন্তু যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই পুনর্বাসনের জন্য সবাইকে একসাথে এগিয়ে আসা উচিত।
ডেভেলপমেন্ট কমিউনিকেশনস অফিসার মাহমুদা ইয়াসমিন কনা বলেন, দুর্যোগপ্রবণ এ অঞ্চলের মানুষের নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে উত্তরণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রকল্প তারই অংশ।
প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীতে বাকি ৪৩২টি পরিবারের মাঝেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।
মন্তব্য করুন