
সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর গ্রামের একটি বাড়ির পুকুর থেকে ফের ৪২টি হাসুয়া ও রামদা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ডিএসবির তথ্যের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের বিল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত বস্তায় রাখা এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের জনৈক বিল্লাল হোসেনের বাড়ির পুকুরে ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যার নেতৃত্বে পুলিশের একটি দল তল্লাশি চালিয়ে ৪২টি হাসুয়া ও রাম দা উদ্ধার করে। এরমধ্যে আড়াই ফুট লম্বা ৪টি রামদা ও ২ ফুট লম্বা কাঠের বাট সংযুক্ত ৩৮টি হাসুয়া রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকিপুর গ্রামের জনৈক বিল্লাল হোসেনের বাড়ির পাশের পুকুর থেকে পরিত্যক্ত বস্তায় ভর্তি ৪২ পিস হাসুয়া ও রামদা উদ্ধার করা হয়। ওই পুকুরে হাসুয়াগুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে। জানতে পারলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, গত রবিবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা পরিষদের পিয়ন সাবের মিস্ত্রি, তার শ্বশুর শ্যামনগর উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মোকসেদ আলী গাজী এবং তার শ্যালক শেখ রাসেল শিশু কিশোর পরিষদের উপজেলা সভাপতি রহমত আলীদের পারিবারিক পুকুর থেকে ৩৬ পিস হাসুয়া উদ্ধার করা হয়।
মন্তব্য করুন