
সুলতান শাহাজান: সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা জোরদারে সাতক্ষীরার দেবহাটা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরো একটি নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে। বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের আওতাধীন নতুন এই বিওপির নাম ‘ছুটিপুর বিওপি’।
রোববার (১ জুন) দুপুরে দেবহাটা উপজেলা নওয়াপাড়া ইউনিয়নের নাঙলা গ্রামে নবনির্মিত বিওপিটি উদ্বোধন করেন বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লে. কর্নেল মোঃ আশরাফুল হক, যশোর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব, যশোর এফআইজির ভারপ্রাপ্ত গ্রুপ কমান্ডার মেজর মোঃ আমিনুর রহমান, রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ ও নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর সুস্মিত শোভন দাস।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেবহাটা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ ও সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্যই ছুটিপুর বিওপি স্থাপন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নবনির্মিত ছুটিপুর বিওপি সীমান্তের শূন্য লাইন হতে ২৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। সীমান্ত সুরক্ষার দৃষ্টিকোন থেকে ছুটিপুর বিওপি অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত ফাঁড়ি। এই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণে নোয়াপাড়া হতে উত্তরে বসন্তপুর বটতলা এলাকা পর্যন্ত বিস্তৃত।
এদিকে, ছুটিপুর বিওপি উদ্বোধন উপলক্ষে স্থানীয় দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন