

ডেস্ক রিপোর্ট: ইমিগ্রেশন খোলা থাকলেও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া এই ছুটি শেষ হবে ১৪ জুন। ১৫ জুন খুলবে আমদানি-রপ্তানির দরজা।
ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু মুছা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি করা হবে না।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রাসেল আহমেদ জানান, ঈদের সময় বন্দর বন্ধের কোনো সরকারি আদেশ নেই। তবে স্বাভাবিকভাবেই এ সময় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকে। মূলত দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই এই ছুটি পালন করা হয়।
ভোমরা চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকবে।
মন্তব্য করুন