

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা সদর ইউনিয়নের সুতি বাজার সংলগ্ন বেড়িবাঁধের শাকবাড়িয়া খালে নির্মিত স্লুইসগেটের দু’পাশের মাটি সরে গিয়ে ভয়াবহ ধ্বস দেখা দিয়েছে।
সোমবার (১৬ জুন) সকালে ভাটার টানে গেটের দুপাশের মাটি সরে যায়। এতে এলাকায় আতংক দেখা দিয়েছে।
জানাগেছে, উপজেলায় পানি প্রবেশ ও বের হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শাকবড়িয়া খালের ওপর নির্মিত বড় স্লুইস গেটটি। গেটে ধ্বস দেখা দেওয়ায় কৃষিকাজে মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, স্লুইজ গেটটি নির্মাণের পর থেকে প্রায় প্রতি বছরই এমন ফাঁটল দেখা দেয়। গেটের দুইপাশে ভালো ভাবে কাজ না করায় স্লুইসগেটটির নিচের অংশে ফাঁকা হয়ে গেছে। দ্রুত সংস্কার করা না হলে জোয়ারের পানিতে কয়রা, মহারাজপুর, মহেশ্বরীপুর, বাগালী ও উত্তর বেদকাশীর অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হওয়ার শংকা রয়েছে। একই সাথে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে।
মহারাজপুরের ইউপি সদস্য আবু সাইদ বলেন, সুতিবাজার সংলগ্ন স্লুইসগেটের পাশে ফাঁটল দেখা দিয়েছে। দ্রুত মেরামত করা না হলে বড় ক্ষতির কারণ হবে।
কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফার রহমান যানান, স্লুইসগেটটি নির্মাণের পর থেকে প্রতিবছরই বর্ষা মৌসুম আসলে ফাঁটল ও ধ্বস দেখা দেয়। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষণিক নামমাত্র কিছু কাজ করা হয়। তবে স্থায়ী সমাধানের জন্য কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, অতি বৃষ্টির কারণে মাঝে মাঝে স্লুইসগেটের পাশ দিয়ে ঘোগের সৃ্টি হয়ে মাটি সরে যায়। বিষয়টি জেনেছি। জরুরী ভিত্তিতে ধ্বসে যাওয়া স্থান মেরামত করা হবে।
মন্তব্য করুন