
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর সক্রিয়তায় আগামী পাঁচ দিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। রোববার (১৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, নি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, অতিভারী বৃষ্টিতে বাড়ছে বন্যাপ্রবণ নদ-নদীর পানি। এর ফলে ১২ জেলায় ছড়িয়ে পড়তে পারে বন্যা। রোববার (১৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে তেলেঙ্গনা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এদিকে, পাউবো জানিয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানিসমতল বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীসমুহ বিপদসীমা (Danger Level) অতিক্রম করতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।
এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই-কংস নদীসমূহ সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে, এবং *সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলাসমূহের উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীসমূহ সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
মন্তব্য করুন