
ডেস্ক রিপোর্ট: আশাশুনির কাদাকাটি ইউনিয়ন পরিষদে তালা মেরে বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, কাদাকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক জহির উদ্দিন মোড়ল, আল মাহমুদ মোড়ল, আসাদুল শাহা, ছোটলাল সাহা, আলেক গাজী, শফি সরদার, খাইরুল গাজী প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ইউপি সদস্য জাহাঙ্গীর ও উজ্জ্বল গত ১৮ সেপ্টেম্বর রাতে ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা কক্ষে এবং মেইন গেটে তালা মেরে পরিষদের কার্যক্রম বন্ধ রেখেছে। এতে পরিচয় পত্র, ওয়ারেশ কাম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও ভিডব্লিউবি এর চাউল নিতে পারছে না উপকারভোগীরা।
বক্তারা আরো বলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন মোড়লের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে। তার ওয়ার্ডে বিভিন্ন প্রকল্পের কাজে অনিয়ম করা হয়েছে। এমনকি কাজ না করেই তিনি বিল উত্তোলন করেছেন। ইউপি চেয়ারম্যান বিভিন্ন ইউপি সদস্যের প্রকল্পের কাজ ঠিক মত হচ্ছে কি না তা খোঁজ নিলে প্রকল্পের কাজ করা ইউপি সদস্য জাহাঙ্গীর ও উজ্জল ক্ষিপ্ত হয়ে ওঠে। ষড়যন্ত্র অনুযায়ী ইউপি সদস্য জাহাঙ্গীর তার অনিয়ম দুর্নীতি ধামা চাপা দিতে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করাসহ ইউনিয়ন পরিষদে তালা মেরে রেখেছে। ইউপি সদস্য জাহাঙ্গীর মোড়ল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন এবং এমপি মন্ত্রীদের সঙ্গে ছবি উঠিয়ে এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন জলমহল দখল করেন। ৫ আগস্টের পর তিনি পুনরায় বিএনপি’র পরিচয় দেওয়া শুরু করেন এবং নানান অপকর্ম করে বেড়াচ্ছেন।
এ ব্যাপারে জাহাঙ্গীর মোড়ল বলেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

মন্তব্য করুন