
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ঢুকে হামলাকারীরা প্রথমে সহকারী মেডিকেল অফিসার আব্দুল আজিজের উপর হামলা চালায়। এসময় কর্তব্যরত চিকিৎসককে রক্ষার্থে এগিয়ে গেলে উপজেলা জামায়াত আমির আব্দুর রহমান ও তার গাড়ী চালক নুরুজ্জামানসহ চারজন হামলার শিকার হন।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জরুরি বিভাগের চিকিৎসকের ওপর হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সিসিটিভির ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে কয়েকজন যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী মেডিকেল অফিসার আব্দুল আজিজের ওপর হামলা করতে দেখা যায়।
পরবর্তীতে এ ঘটনায় বুধবার (২৯ অক্টোবর) দুপুরে একটি মামলা হয়। হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় ছয় জনের নাম উল্লেখ করে ১০/১৫জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুল আজিজ, ডা. শাকির হোসেন প্রমুখ।
গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে হামলাকারীরা হাসপাতালের জরুরি বিভাগে সংঘবদ্ধ হামলা করে আতংকজনক পরিবেশ তৈরি করেন। এ সময় একজন চিকিৎসকসহ চারজনকে মারধর করা হয়। এতে রোগী ও চিকিৎসকেরা ভয় পেয়ে যান, চিকিৎসকদের অনেকে ভয়ে কর্মস্থল ত্যাগ করেন। এটি চিকিৎসকদের জন্য উদ্বেগজনক। হাসপাতালটিতে চিকিৎসকসহ কর্মচারীদের নিরাপত্তা চরম হুমকির মুখে দাবি করে বক্তারা চিকিৎসক ও কর্মচারীদের সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

মন্তব্য করুন