বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বোরো মৌসুমে লবণ-পানি সংকটে আশার আলো দেখাবে ‘বিনা ধান১০’

শেখ তানজির আহমেদ: সামনে বোরো মৌসুম। আর মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হবে বীজতলা তৈরির কাজ। কিন্তু সেচ সংকট ও লবণাক্ততার কারণে দুশ্চিন্তায় দিন কাটছে সাতক্ষীরার উপকূলের কৃষকদের। গত বছর এসব সংকটের জন্য শ্যামনগরের শ্রীফলকাটি গ্রামের কৃষক ফরিদ হোসেন প্রায় ১ বিঘা জমির ধান ঘরে তুলতে পারেননি। একই অভিজ্ঞতার কথা জানান আটুলিয়ার হাওয়ালভাঙ্গী গ্রামের কৃষক রুহুল আমিনও।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, জলবায়ু পরিবর্তনজনিত নানা অপঘাত, লবণাক্ততা বৃদ্ধি ও সেচ সংকটের মতো নানা প্রতিকূলতা মোকাবিলা করেই ফসল উৎপাদন করতে হয় উপকূলীয় জেলা সাতক্ষীরায়।

এমন পরিস্থিতিতে উপযুক্ত জাত নির্বাচন, জৈব সার ও বালাইনাশকের ব্যবহার বৃদ্ধি এবং সেচ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উপকূলে বিদ্যমান প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে জমিগুলোর পাশে মিনি পুকুর খনন করে সেচ সহজ করতে পারেন কৃষকরা।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর বলেন, বোরো ধান চাষাবাদে অনেক বেশি পানির প্রয়োজন হয়। আমাদের উপকূলীয় এলাকায় এমনিতেই সেচ সংকট রয়েছে, তার ওপর লবণাক্ততা অনেক বেশি। তাই লবণসহিষ্ণু আগাম জাত চাষের মাধ্যমে এ অঞ্চলের কৃষকরা উপকার পেতে পারেন।

লবণাক্ত এলাকায় চাষের উপযোগী বোরো ধানের জাত

লবণাক্ততাসহ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা করে ক্রমবর্ধমান খাদ্যশস্যের চাহিদা মেটাতে অনবরত গবেষণায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠানগুলো তাদের উদ্ভাবিত বিভিন্ন জাত কৃষক পর্যায়ে পৌঁছে দিচ্ছে।

এমনই একটি জাত বিনা ধান১০।

বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীর বলেন, বিনা ধান১০ একটি উচ্চ ফলনশীল আগাম জাত হিসেবে উপকূলীয় লবণাক্ত এলাকার জন্য খুবই উপযোগী। এই ধান অন্যান্য জাতের তুলনায় ১০-১৫ দিন আগে কাটা যায়। ফলে লবণাক্ততার মাত্রা প্রকট হওয়ার আগেই কৃষক ফসল কাটতে পারে। এর জীবনকাল ১২৫-১৩০ দিন। একটি লবণসহিষ্ণু, উচ্চ ফলনশীল, আলোক অসংবেদনশীল ও উন্নত গুণাগুণসম্পন্ন বোরো ধানের জাত।

বিনা ধান১০ কুশি অবস্থা থেকে পরিপক্বতা পর্যন্ত ১০-১২ ডিএস/মিটার এবং চারা অবস্থায় ১২-১৪ ডিএস/মিটার লবণ সহ্য করতে পারে। এজন্য শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও দেবহাটার জন্য কৃষকরা বিনা ধান১০ চাষাবাদ করতে পারেন। বিনা ধান১০ লবণাক্ত জমিতে হেক্টরে ৫.৫ টন এবং স্বাভাবিক জমিতে ৮.৫ টন পর্যন্ত ফলন দেয়।

তিনি আরও বলেন, এছাড়া জেলার কলারোয়া, তালা ও সাতক্ষীরা সদরের জন্য বিনা ধান২৫ উৎকৃষ্ট একটি জাত। বিনা ধান২৫ উন্নত গুণাগুণ (অতি লম্বা ও সরু) সম্পন্ন উচ্চ ফলনশীল, আলোক অসংবেদনশীল ও ১৪৩-১৪৫ দিন জীবনকালের একটি জাত। যার গড় ফলন ৭.৬ টন/হেক্টর।

একইভাবে কৃষক পর্যায়ে লবণাক্ত এলাকার জন্য বোরো মৌসুমে ব্রি-৬৭, ৯৭ ও ৯৯ চাষাবাদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সাজ্জাদুর রহমান।

এর মধ্যে ব্রি ধান৬৭ বোরো মৌসুমের লবণাক্ততা সহনশীল একটি জাত। উচ্চ ফলনশীল এই জাতের ধানের চাল মাঝারি চিকন, সাদা। ব্রি ধান৬৭ জাতের প্রধান বৈশিষ্ট্য হলো চারা অবস্থায় ১২-১৪ ডিএস/মি (৩ সপ্তাহ পর্যন্ত) লবণাক্ততা সহ্য করতে পারে। জাতটি অঙ্গজ বৃদ্ধি থেকে প্রজনন পর্যায় পর্যন্ত লবণাক্ততা সংবেদনশীল সকল ধাপে ৮ ডিএস/মি মাত্রার লবণাক্ততা সহ্য করে ফলন দিতে সক্ষম। যা প্রচলিত উচ্চ ফলনশীল জাত ব্রি ধান২৮ পারে না। এর জীবনকাল ১৪০-১৫০ দিন এবং লবণাক্ততার মাত্রা ভেদে হেক্টর প্রতি ফলন ৩.৮-৭.৪ টন পর্যন্ত।

ব্রি ধান৯৭ বোরো মৌসুমের লবণাক্ততা সহনশীল একটি জাত। এর চালের আকার আকৃতি মাঝারি মোটা। ব্রি ধান৯৭ এর জীবনকাল ব্রি ধান২৮ এর চেয়ে ০৬ দিন এবং ব্রি ধান৬৭ এর চেয়ে ০২ দিন বেশি। এছাড়া জাতটি প্রচলিত জাতের তুলনায় অধিকতর লবণাক্ততা সহনশীল ও অঙ্গজ অবস্থায় ১৪-১৫ ডিএস/মি মাত্রার লবণাক্ততা সহ্য করে। তাছাড়া ব্রি ধান৯৭ অঙ্গজ বৃদ্ধি থেকে প্রজনন পর্যায় পর্যন্ত লবণাক্ততা সংবেদনশীল সকল ধাপে ৮-১০ ডিএস/মি মাত্রার লবণাক্ততা সহ্য করে ফলন দিতে সক্ষম। জাতটি ব্রি ধান৬৭ এর চেয়ে অধিকতর লবণাক্ততা সহনশীল। এর জীবনকাল ১৪৮-১৫৫ দিন। ফলন দেয় গড়ে হেক্টর প্রতি ৪.৮৯ টন। তবে লবণাক্ততার মাত্রাভেদে ফলন হেক্টর প্রতি ৩.৯৩-৫.৯৫ টন পর্যন্ত ফলন দিতে পারে।

তবে, প্রাপ্যতা সাপেক্ষে বিএডিসি সাতক্ষীরা অঞ্চলে এ বছর বোরো মৌসুমের জন্য ব্রি ধান৬৭, ৮৮, ১০১, ১০২ ও হাইব্রিড এসএল-৮এইচ সরবরাহ করছে।

সাতক্ষীরা উপকূলে পানি ও মাটিতে লবণাক্ততার মাত্রা

মৌসুম ভেদে সাতক্ষীরা অঞ্চলের পানি ও মাটিতে লবণাক্ততার ভিন্ন ভিন্ন মাত্রা দেখা যায়।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি ও দেবহাটা উপজেলায় লবণাক্ততার মাত্রা বেশি থাকে। প্রতি বছর মার্চ, এপ্রিল ও মে মাসে মাটিতে লবণের মাত্রা বেড়ে দাঁড়ায় ১৫ থেকে ২৫ দশমিক ৪ ডিএস (ডেসিসিমেন্স পার মিটার) পর্যন্ত। বর্ষার পর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে তা কমে গিয়ে ২ থেকে ৫ দশমিক ৬ ডিএস/মিটারে নেমে আসে।

তবে, লবণাক্ততার এই মাত্রা আরও বেড়েছে বলে জানান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজ্জাদুর রহমান। তিনি বলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জের কৃষিজমিতে সর্বোচ্চ লবণাক্ততা রেকর্ড করা হয়েছে ২৫ ডেসিসিমেন্স পার মিটার।

অন্যদিকে, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের তথ্য মতে, সাতক্ষীরা অঞ্চলে নদীর পানিতে ২০২৫ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ক্রমশ লবণাক্ততার মাত্রা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ৪০ ডেসিসিমেন্স পার মিটার হয়। কারণ এসময় তাপমাত্রা বেশি থাকে। পরবর্তীতে জুলাই থেকে লবণাক্ততা ক্রমশ কমতে থাকে, যা সেপ্টেম্বর-অক্টোবরের দিকে একেবারে সর্বনিম্ন ৯.২২ ডেসিসিমেন্স পার মিটারে নেমে যায়।

সেচ সংকট নিয়ে কে কী বলছে
ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় সাতক্ষীরা উপকূলের শ্যামনগর, কালিগঞ্জসহ লবণাক্ত এলাকায় চাষাবাদের জন্য পুকুর ও খালে সংরক্ষিত পানিই একমাত্র ভরসা। শ্যামনগর ও কালিগঞ্জে সেচ সংকটের কারণে বোরো ধানের আবাদ কমলেও যতটুকু হয়, তা পুকুর ও খাল থেকে সেচ দিয়েই।

শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, নিজের বাড়ির পুকুর ও পাশের খালের পানি সেচ দিয়ে বোরো ধান চাষাবাদ করেন তিনি। কিন্তু এই সুযোগ সবার না থাকায় তার এলাকার হাজার হাজার বিঘা জমি বোরো মৌসুমে পতিত থাকে।

২০২৪ সালে শ্যামনগরে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) পরিচালিত ‘উপকূলে সুপেয় পানি সংকট’ বিষয়ক এক গবেষণায় সুপেয় পানির সংকট দূরীকরণে বেশ কিছু সুপারিশের পাশাপাশি কৃষি চাষাবাদের জন্যও কিছু সুপারিশ করা হয়। এগুলো হলো-প্রতিটি গ্রামে বড় বড় পুকুর বা জলাধার খনন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। অপরিকল্পিত লবণ পানির চিংড়ি চাষ বন্ধ করে নীতিমালা অনুযায়ী চিংড়ি চাষে বাধ্য করতে হবে। বিদ্যমান পুকুর, খাল বা জলাধারগুলোর ইজারা বাতিল করে প্রকৃত রূপে জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। এসব খালে লবণ পানি তোলা যাবে না। খালগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে কৃষিসহ নানামুখী ব্যবহারে উন্মুক্ত করতে হবে।

উপকূলীয় এলাকায় সেচ সংকট দূরীকরণে কাজ করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। দপ্তরটির সাতক্ষীরা কার্যালয়ের সেচ বিভাগের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনা বলেন, উপকূলীয় অঞ্চলের সেচ সংকট দূরীকরণে বিএডিসি খাল খনন ও যেখানে স্বাদু পানি পাওয়া যায় তা নালার মাধ্যমে অন্য এলাকায় সরবরাহের উদ্যোগ নিয়ে থাকে। আগামী ডিসেম্বরে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের জন্য এমন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির কাজ শুরু হলে কিছু এলাকার সেচ সংকট দূর করা যাবে।

সাতক্ষীরা উপকূলে কমবে বোরো আবাদ
সেচ সংকট ও লবণাক্ততার কারণে ফলন বিপর্যয়ের পাশাপাশি সাতক্ষীরা উপকূলের শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায় এবার অন্তত ২৫ হাজার ১১০ হেক্টর জমি বোরো আবাদের বাইরে থাকবে।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার সাতটি উপজেলায় আমন ধান আবাদ হয়েছিল ৮৯ হাজার ১৪৫ হেক্টর জমিতে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১৭ হাজার ৫৮৫ হেক্টর, কলারোয়ায় ১১ হাজার ৮৯৩ হেক্টর, তালায় ১০ হাজার ১৭৫ হেক্টর, দেবহাটায় ৫ হাজার ৪৮৫ হেক্টর, কালিগঞ্জে ১৭ হাজার ০৫ হেক্টর, আশাশুনিতে ৯ হাজার ২২২ হেক্টর ও শ্যামনগরে ১৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমন আবাদ হয়।

তবে, বোরো মৌসুমে জেলার সাতটি উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৮০০ হেক্টর জমিতে। অর্থাৎ বোরো আবাদের লক্ষ্যমাত্রা কমেছে ৮ হাজার ৩৪৫ হেক্টর। সূত্র মতে, বোরো মৌসুমে সাতক্ষীরা সদর উপজেলায় ২৩ হাজার ২৮৫ হেক্টর, কলারোয়ায় ১২ হাজার ৮৭০ হেক্টর, তালায় ১৯ হাজার ১৫৫ হেক্টর, দেবহাটায় ৬ হাজার ১২৫ হেক্টর, কালিগঞ্জে ৬ হাজার ৯৫৫ হেক্টর, আশাশুনিতে ৯ হাজার ৬৯০ হেক্টর ও শ্যামনগরে ২ হাজার ৭২০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, দেবহাটা ও আশাশুনিতে আমনের তুলনায় বোরো আবাদ বাড়বে। তবে আশঙ্কাজনক হারে কমবে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলায়। এ দুটি উপজেলায় আমনের তুলনায় বোরো মৌসুমে ২৫ হাজার ১১০ হেক্টর জমিতে কম আবাদ হবে।

এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, যেহেতু আমাদের ভূগর্ভস্থ পানি লবণাক্ত এবং বোরো মৌসুম পুরোপুরি সেচনির্ভর তাই একটি বিশাল অঙ্কের জমি অনাবাদি থাকে। যতটুকু চাষাবাদ হয়, তা শুধু খাল ও পুকুরের পানি দিয়ে। এজন্য মিনি পুকুর খনন ও খালগুলো যদি মিষ্টি পানির আধারে পরিণত করা যায়, উন্মুক্ত রাখা যায়, কেবল তাহলেই আবাদের পরিমাণ বাড়বে। এজন্য সরকারি-বেসরকারি প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সেচের পানি না থাকায় আমরা ধান বাদে যেসব ফসলে পানি কম লাগে, সেগুলোর চাষাবাদ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।

কালিগঞ্জে আমন মৌসুমে ধানের আবাদ হয়েছিল ১৭ হাজার ০৫ হেক্টর জমিতে। কিন্তু লবণাক্ততার কারণে বোরো মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা নেমে এসেছে ৬ হাজার ৯৫৫ হেক্টরে। কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বলেন, লবণাক্ততার কারণে কালিগঞ্জে আমনের তুলনায় বোরো মৌসুমে ধানের আবাদ কমে যায়। এখানে লোনা পানির চিংড়ি চাষ বেশি হয়। তবে, বিএডিসি কিছু সেচের ব্যবস্থা করায় এবং কিছু খাল খনন করায় আস্তে আস্তে বোরো আবাদের পরিমাণ বাড়ছে। কিছু বছর আগেও এখানে সাড়ে ৪ হাজার হেক্টর মতো জমিতে বোরো ধান হতো। এখন বেড়ে প্রায় সাত হাজার হেক্টরে পৌঁছেছে।

বর্তমানে সারাদেশে ধান উৎপাদনের প্রধান মৌসুম বোরো হলেও কালিগঞ্জে সেচ সংকটের কারণে ধান উৎপাদনের প্রধান মৌসুম আমন। যদিও বোরো মৌসুমে ক্লাইমেটিক সমস্যা কম এবং ফলন বেশি হয় বলেও জানান নাজমুল হুদা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০