

রিজাউল করিম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, সাতক্ষীরা-১ আসনের মালিক তালা-কলারোয়ার জনগণ। আর এই জনগণের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা মনে রাখবেন একটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে, মিথ্যা প্রচারণায় না পড়ে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।
এ সময় তিনি আরো বলেন, নির্বাচিত হতে পারলে কাজীহাট ও হঠাৎগঞ্জে ব্রীজ নির্মাণ, কেড়াগাছী ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা মন্দির, রাস্তাঘাট সব শ্রেণীর উন্নয়ন করবো।
জনসভায় কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কেড়াগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আকতারুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ মিয়া, কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন