
রিজাউল করিম: নির্বাচিত হলে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নকে পৌরসভা ও পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীতকরণের প্রতিশ্রুতি দিয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) পাটকেলঘাটা ফুটবল মাঠে তালা উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, একটি গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার জন্য ঢাকাসহ বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে। তাদেরকে সাবধান করতে চাই, বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে চাই, এইভাবে মব সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করা যাবে না।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হতে পারলে তালা-কলারোয়ার প্রতিটি মানুষকে নিরাপদে রাখবো।
জনসভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুলা রাজু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান প্রমুখ।


মন্তব্য করুন