ডেস্ক রিপোর্ট: নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি সূত্রে জানা গেছে, আজ অনুষ্ঠিত এক ভার্চ্যুয়াল সভায় সিদ্ধান্ত হয়েছে—পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের ক্রিকেটের কোনো কর্মকাণ্ডে মঞ্জুরুল ইসলামকে সম্পৃক্ত করা হবে না।
অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। বিষয়টি সামনে আসার পর তদন্ত শুরু করে বিসিবি।
এ জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়। জাহানারা ওই কমিটির কাছেও লিখিত অভিযোগ জমা দেন।
গত ৪ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, তদন্তে ওঠা অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে কিছু প্রমাণ পাওয়া গেছে। জাহানারার উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটি অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ মেলেনি।
তবে বাকি দুটি ঘটনায় অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়।
বিসিবির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত–সংক্রান্ত পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মঞ্জুরুল ইসলামের ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মন্তব্য করুন