
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় পারুলিয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচ এম ইমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, প্যানেল চেয়ারম্যান ফরাদ হোসেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইনসহ ওয়ার্ল্ড ভিশন ও সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, ডেঙ্গু বর্তমানে আমাদের দেশের একটি গুরুতর স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। ডেঙ্গু মূলত এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায়, যা পরিষ্কার পানিতে জন্মায়। তাই শুধু চিকিৎসা নয়, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো মশার বংশবিস্তার রোধ করা।
আজকের এই পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করার মূল উদ্দেশ্য হলো আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানির উৎসগুলো ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির ট্যাংক কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি ডেঙ্গু মশার জন্য উপযুক্ত প্রজননক্ষেত্র হতে পারে।
উপজেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণে কাজ করছে এবং করবে। তবে ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। আমরা সবাই যদি সচেতন হই এবং একসাথে কাজ করি, তাহলে ডেঙ্গুকে অবশ্যই প্রতিরোধ করা সম্ভব।

মন্তব্য করুন