
শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একইসঙ্গে জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খুলনার দাকোপ থানাধীন বাইনতলা খাল এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্ট যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট জাহাঙ্গীর বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ১০০ টাকা জব্দ করা হয় এবং তাদের আস্তানা ধ্বংস করা হয়।
আটককৃতরা হলেন- বাগেরহাটের শরণখোলা এলাকার বাসিন্দা মোঃ সোহাগ হাওলাদার (৩৫), এবং খুলনার পাইকগাছা থানার বাসিন্দা বাবুল সানা (৪২) । তারা দীর্ঘদিন ধরে দস্যুতার সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।
অপর একটি অভিযানে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জার আওতাধীন সুন্দরবনের হোগলডরা খাল এলাকা থেকে জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা তিন জেলেকে উদ্ধার করা হয়ছেে।
কোস্ট গার্ড জানায়, গত ৩১ মার্চ ওই এলাকা থেকে একটি নৌকাসহ তিন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল দস্যুরা। পরে ১ এপ্রিল সন্ধ্যায় কোস্ট গার্ড স্টেশন হলদেবুনিয়া ও কৈখালী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া জেলেরা হলেন- ইনতাজ হোসেন (৫০), মোশাররফ হোসেন (৪২) ও আনিসুর রহমান আনিস (৪৫)। তারা সবাই শ্যামনগর উপজেলার বাসিন্দা।
এসময় দস্যুদের ব্যবহৃত একটি নৌকা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
মন্তব্য করুন