
শ্যামনগর প্রতিনিধি: মুক্তিপণ দিয়ে লোকালয়ে ফিরেছে সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ৩ জেলে।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে বাড়িতে ফেরা জেলে সাদ্দাম হোসেন জানান, তিনি ৪০ হাজার টাকা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। তাঁর সঙ্গে ইউনুস আলী ও সাইফুল গাইনও ফিরে এসেছেন।
ফিরে আসা জেলে ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘ডন বাহিনী’ ও ‘আলিফ ওরফে আলিম’ বাহিনীর পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে।
সম্প্রতি চুনকুড়ি নদীর সুবদির খাল, মালঞ্চ নদীর মাইশারকোল এবং মামুন্দো নদীর মোরা তলী খাল এলাকা থেকে বেশ কয়েকজন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে গভীর বনে নিয়ে যায় তারা। এদের মধ্যে তিনজন মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন।
ভুক্তভোগীরা জানান, তারা সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া আহরণের উদ্দেশ্যে বনে প্রবেশ করেছিলেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। দস্যুরা টার্গেট করে তাদের ধরে নিয়ে যায় এবং পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে।
জেলেদের স্বজনদের অভিযোগ, অপহৃতদের মুক্তির জন্য ইতোমধ্যে বিভিন্ন অংকের টাকা দাবি করা হচ্ছে, যা অনেক পরিবারের পক্ষে জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এ ধরনের ঘটনায় জেলেরা অনেক সময় নিজেদের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। অপহৃতদের জীবনের ঝুঁকির কারণে তাঁরা পুলিশকে তথ্য দিতে চান না। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
মন্তব্য করুন