
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামে আবজালুর রহমান মিঠু নামে এক ব্যবসায়ীকে মারধর করে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (৫ এপ্রিল) রাতে উপজেলার চেচুয়া গ্রামের জামে মসজিদ এলাকায়। এ ঘটনায় প্রতিকার পেতে ভুক্তভোগী ব্যবসায়ী আবজালুর রহমান মিঠু পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবজালুর রহমান মিঠুর মৎস্য আড়ত রয়েছে। রােববার রাত সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থল থেকে দিনের হিসাব শেষে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সাইদের মিল মোড়ে নেমে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় চেঁচুয়া জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে গোপালপুর গ্রামের মুনছুর গাজীর ছেলে মোমিন গাজী ও শফিকুল গাজী এবং একই গ্রামের সাজ্জাত গাজীর ছেলে শামিম গাজী তার পথরোধ করে।
এ সময় দা, লাঠি, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা ব্যবসায়ী মিঠুর উপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এসময় মিঠুর সাথে থাকা আলমগীর গাজী বাঁধা দিলে হামলাকারীরা তাকেও মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের এক পর্যায়ে হামলাকারীরা ব্যবসায়ী মিঠুর কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন