
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যুব নেতৃত্ব বিকাশে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে বেসরকারি সংস্থা দলিত RedOrange Bangladesh-এর সহযোগিতায় ও AmplifyChange-এর অর্থায়নে ‘ইয়ুথ শেয়ার-নেট’ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে।
সভায় বলা হয়, বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এখনও একটি সংবেদনশীল ও অনেকাংশে উপেক্ষিত বিষয়। সামাজিক রক্ষণশীলতা, কুসংস্কার এবং তথ্যের অভাবের কারণে বিশেষ করে দলিত ও প্রান্তিক তরুণ-তরুণীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও তথ্য থেকে বঞ্চিত হন। এ বাস্তবতায় তরুণদের জ্ঞান ও সক্ষমতা বাড়িয়ে একটি শক্তিশালী যুব নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সভায় শ্যামনগরের বিভিন্ন এলাকার ২০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে মৌলিক ধারণা, শারীরিক স্বায়ত্তশাসন, ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক কলঙ্ক ও বাধা মোকাবেলার কৌশল এবং যুব নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বলা হয়, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে নীরবতা ভাঙতে হবে এবং তরুণদের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা নির্ভয়ে নিজেদের মতামত প্রকাশ করতে পারে। একইসঙ্গে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবকদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভার সমাপনী পর্বে পর্যায়ে উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) কর্মকর্তা প্রণব বিশ্বাস বক্তব্য রাখেন। তিনি বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে হলে শুধু সচেতনতা নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহায়তা ও সহজলভ্য সেবা নিশ্চিত করা। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, যে কোনো ধরনের সহিংসতা, নির্যাতন বা হয়রানির ঘটনায় নির্ভয়ে আইনি সহায়তা নেওয়া এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা জরুরি। একই সঙ্গে তিনি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে এ বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান।
মন্তব্য করুন