ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপের প্রস্তুতি শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। দলের প্রথম অনুশীলনে অংশ নেননি তারকা ফরোয়ার্ড নেইমার।
ডান পায়ের কাফ ইনজুরির কারণে তাকে মেডিকেল পরীক্ষার জন্য ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
বুধবার গ্রাঞ্জা কোমারিতে ব্রাজিল দলের ক্লোজ ডোর অনুশীলন হয়।
তবে সেখানে ছিলেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। পরে টেরেসোপোলিসের একটি বেসরকারি ক্লিনিকে তার স্ক্যান ও ইমেজিং পরীক্ষা করা হয়।
সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, দলের মেডিকেল স্টাফ পুরো মূল্যায়ন শেষ না করা পর্যন্ত নেইমারের অবস্থা নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হবে না।
নেইমারের অনুপস্থিতিই এখন ব্রাজিল শিবিরের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
বিশ্বকাপের আগে ব্রাজিল আরও তিনটি অনুশীলন সেশন করবে। এরপর রোববার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
তবে ওই ম্যাচে কোচ কার্লো আনচেলত্তির দলে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাওয়া যাবে না। গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকিনিওস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি শনিবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ব্যস্ত থাকবেন।
গত সপ্তাহে নেইমারকে দলে ফেরানোর ঘোষণা ঘিরে ব্রাজিলজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে আর খেলেননি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড। জাতীয় দলের জার্সিতে তার গোল ৭৯টি, ম্যাচ ১২৮টি।
দীর্ঘদিন ধরে চোটে ভোগা নেইমারের ফিটনেস ও বর্তমান ফর্ম নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই। বিশেষ করে সান্তোসে ফেরার পর তার পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের ঠিক আগে নতুন করে চোটের শঙ্কা ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
পানামার বিপক্ষে ম্যাচের পর যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১৩ জুন নিউ জার্সিতে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।
এর আগে মে মাসের শুরুতে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি স্পষ্ট করে বলেছিলেন, শুধুমাত্র নামের কারণে নেইমার দলে জায়গা পাবেন না। ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সই হবে দলে থাকার প্রধান মানদণ্ড।
এখন ব্রাজিল শিবির অপেক্ষা করছে মেডিকেল রিপোর্টের জন্য। বিশ্বকাপের মঞ্চে নেইমারকে দেখা যাবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
মন্তব্য করুন