ডেস্ক রিপোর্ট: বয়স ৬৭ হলেও ফিটনেস, প্রাণচাঞ্চল্য ও সতেজতায় এখনও অনেক তরুণ-তরুণীকেও অনুপ্রাণিত করেন বলিউড অভিনেত্রী নীতু কাপুর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের সুস্থ ও কর্মক্ষম থাকার কিছু অভ্যাসের কথা তুলে ধরেছেন।
অভিনেত্রীর ভাষ্য, সুস্থ থাকার জন্য তিনি কোনো জটিল নিয়ম অনুসরণ করেন না। বরং নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস এবং প্রকৃতির কাছাকাছি থাকার মধ্যেই তিনি সুস্থতার রহস্য খুঁজে পেয়েছেন।
নীতু কাপুর জানান, দিনের শুরুতেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কিছু সময় সূর্যের আলোতে কাটান। এরপর গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন ও যোগব্যায়াম করেন।
নিয়মিত সাঁতারও কাটেন তিনি, যা তার শারীরিক সক্ষমতা ধরে রাখতে সহায়তা করে।
খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও দেশীয় খাবারের প্রতি আস্থা রাখেন এই অভিনেত্রী।
তিনি জানান, বিদেশি বা ট্রেন্ডি খাবারের চেয়ে আটার রুটি, অপরিশোধিত চালের ভাত, শাকসবজি, মাছ, ডিম এবং সবজার মতো খাবারই তার পছন্দ। অতিরিক্ত খাওয়ার পরিবর্তে পরিমিত খাদ্য গ্রহণে গুরুত্ব দেন তিনি।
নীতুর মতে, কম খেলে শরীর বেশি হালকা ও সতেজ অনুভূত হয়। তাই কঠোর ডায়েটের পরিবর্তে সুষম ও পরিমিত খাবার গ্রহণই সুস্থ থাকার অন্যতম উপায়।
সাক্ষাৎকারে তিনি জীবনের অধিকাংশ সময় সানস্ক্রিন ব্যবহার না করার কথাও উল্লেখ করেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি, অকাল বার্ধক্য এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তাই নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করাই নিরাপদ অভ্যাস।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং ইতিবাচক মানসিকতা দীর্ঘমেয়াদে সুস্থ ও কর্মক্ষম জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নীতু কাপুরের জীবনধারাও সেই বার্তাই তুলে ধরে।
মন্তব্য করুন