ডেস্ক রিপোর্ট: ঈদের পরপরই বাড়তি খরচের নতুন চাপের মুখে পড়তে পারেন বিদ্যুৎ গ্রাহকেরা। আজ বুধবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা করতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য চালু থাকা ‘লাইফ লাইন’ সুবিধায় আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
বিইআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বুধবার সকাল ১১টায় কমিশনের কারিগরি কমিটির বৈঠকে ইউনিটপ্রতি মূল্যবৃদ্ধির হার চূড়ান্ত করা হবে। এরপর বিকেলে নতুন ট্যারিফ ঘোষণা করা হতে পারে।
সূত্র জানায়, নতুন মূল্যহার জুন থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, কারিগরি কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে এবং আজই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ এবং জ্বালানি খাতে ভর্তুকি কমানোর অংশ হিসেবেই এ মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে একটি মন্ত্রিসভা কমিটি ইউনিটপ্রতি ১ থেকে ১ দশমিক ৫০ টাকা পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ করে।
বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম বাড়লে এর প্রভাব শুধু বিদ্যুৎ বিলেই সীমাবদ্ধ থাকবে না; শিল্প-কারখানা, সেচ, পরিবহন, কোল্ড স্টোরেজসহ প্রায় সব খাতে উৎপাদন ব্যয় বাড়বে। ফলে নিত্যপণ্যের বাজারেও চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
এরই মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিবহন ব্যয় বাড়ায় বাজারে নিত্যপণ্যের মূল্যও ঊর্ধ্বমুখী। এখন বিদ্যুতের নতুন মূল্য কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর আরও চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।
বিদ্যুৎ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম, ডলারের বিনিময় হার এবং এলএনজি, কয়লা ও তেল আমদানি ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। একইসঙ্গে ভর্তুকির চাপও বৃদ্ধি পেয়েছে।
বিইআরসির গণশুনানিতে বিভিন্ন বিতরণ কোম্পানি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে কারিগরি দল গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধির সুপারিশ করে, যা কমিশন গ্রহণ করতে পারে বলে জানা গেছে।
সূত্র আরও জানায়, ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য তুলনামূলক কম হারে মূল্যবৃদ্ধি এবং এর বেশি ব্যবহারের ক্ষেত্রে ধাপে ধাপে হার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বিদ্যুৎ বিভাগ বলছে, লোকসান কমানো এবং ভর্তুকি হ্রাসের লক্ষ্যেই এ সমন্বয় করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জ ও অদক্ষতা নিয়ন্ত্রণ ছাড়া মূল্যবৃদ্ধি সাধারণ গ্রাহকের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
ভোক্তা সংগঠনগুলোও বিদ্যুতের দাম বৃদ্ধির বিরোধিতা করে বলছে, এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে এবং সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
মন্তব্য করুন