কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের শিমলারআইট গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দৈনিক জনতার চিফ ফটো সাংবাদিক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য আব্দুল হালিমের বাড়ি ভাঙচুর করা হয়েছে। কেটে ফেলা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক হালিমের ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, শিমলারআইট গ্রামের একটি জায়গার মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঐ জমিতে গত ৩১ মে উভয়পক্ষ অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় প্রতিপক্ষ সিরাজুল সরদার গংরা সাংবাদিক আব্দুল হালিমের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়ে তার ঘর ভাঙচুর করে। এ ছাড়া বাড়িতে থাকা বিভিন্ন প্রজাতির গাছের চারা কেটে সাবাড় করে দেয়। হামলায় তার ভাইসহ কয়েকজন আহত হয়। প্রথমে তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরের দিন তাদের বাড়ির মাটি কেটে নিয়ে গেছে ঐ প্রতিপক্ষ।
এ ব্যাপারে সাংবাদিক আব্দুল হালিমের ভাই আবুল কাশেম বাদী হয়ে কয়রা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, ঘটনাটি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন