
ডেস্ক রিপোর্ট: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ের তথ্য গোপন বা নয়-ছয়ের পথ বন্ধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু ঘটনা সামনে আসায় এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকেই গোপনে বিয়ে করেন, মৃত্যুর পর উত্তরাধিকার নির্ধারণে সমস্যা হয়।
আবার পেনশন-সংক্রান্ত বিষয়েও বৈবাহিক তথ্য গোপনের কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়। এছাড়া তালাক হয়ে যাওয়ার পরও তা চিহ্নিত করতে অসুবিধা হয়।
অন্যদিকে স্বামী বা স্ত্রীর নামে সংশোধনেও জাল কাগজপত্রের আশ্রয় নেন অনেকে। ফলে এনআইডি সংশোধনেও জটিলতা সৃষ্টি হয়।
এসব বিষয় এড়াতে স্বয়ংক্রিয়ভাবে বৈবাহিক অবস্থা বা এ-সংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করার কথা ভাবা হচ্ছে। বিবাহ ও তালাক নিবন্ধন বিভাগের কাছে ইতিমধ্যে তালাকনামা, কাবিননামা যাচাইয়ের জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) চাওয়া হয়েছে।
ইসি কর্মকর্তারা বলছেন, এই ক্ষেত্রে এনআইডি অনলাইন আবেদন ব্যবস্থায়ও পরিবর্তন আনা হবে। অনলাইন আবেদনে নির্দিষ্ট ঘর রাখা হবে, যার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্ভারের লিংক থাকবে। তালাকনামা, কাবিননামার তথ্য সেখানে ইনপুট দেওয়ার সঙ্গে সঙ্গেই তা সংশ্লিষ্ট সার্ভার থেকে যাচাই হবে। কেউ যদি ভুয়া তথ্য দিয়ে থাকেন, বা ওই ঘর পূরণ না করেন, তবে পরবর্তী ধাপে আর যেতে পারবেন না। ফলে ভুয়া কাগজ দিয়ে আবেদনও করতে পারবেন না।
বৈবাহিক তথ্য ছাড়াও আরও আট ধরনের তথ্য এভাবেই স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের দিকে যাচ্ছে কমিশন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখার কাছেও ইতোমধ্যে এপিআই চাওয়া হয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বাংলানিউজকে বলেন, আমরা একটি নির্ভুল এনআইডি সার্ভার যদি গড়ে তুলতে চাই, তাহলে তথ্যের সঠিকতা যাচাই শতভাগ সঠিক হতে হবে। বর্তমানে আমরা কেউ আবেদন করলে ম্যানুয়ালি কিছু তথ্য যাচাই করতে পারি। কিছু তথ্য যাচাই করা সময়সাপেক্ষ হয়ে পড়ে। তাই সেসব প্রতিষ্ঠান বা বিভাগের অনলাইন সিস্টেম আছে, তাদের কাছ থেকে যদি সরাসরি তথ্য যাচাই করা যায়, তবে অনিয়ম কমে যাবে। জাল কাগজপত্র কেউ চাইলেও দিতে পারবে না। ইতোমধ্যে এজন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে আমরা এপিআই চেয়েছি।
ভোটার হয়ে এনআইডি পাওয়ার জন্য নাম, পিতা-মাতার এনআইডির কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট, জন্মসনদ, ইউটিলিটি বিল, বিবাহিতদের স্বামী-স্ত্রীর এনআইডির কপি, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন নম্বর, ফোন-মোবাইল নম্বর, রক্তের গ্রুপ ইত্যাদি কাগজপত্র ও তথ্য দিতে হয়।
এছাড়া এনআইডি সংশোধনের জন্য হলফনামা, শিক্ষাসনদ, পরিবারের সদস্যদের এনআইডি, হলফনামা, তালাকনামা, কাবিননামা, বাড়ির দলিল, ইউটিলিটি বিল, ওয়ারিশ সনদ ইত্যাদি তথ্য দিতে হয়।
প্রবাসীদের ভোটার হওয়ার জন্য পাসপোর্টের কপি (মেয়াদ থাকুক আর না থাকুক), সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডি আছে এমন তিন নাগরিকের প্রত্যয়ন, জন্মনিবন্ধন ও পাসপোর্ট সাইজের ছবি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাসে জমা দিতে হয়। বাধ্যতামূলক নয় এমন তথ্য নিবন্ধন কেন্দ্রে জমা দিতে না পারলে প্রবাসীরা দেশে থাকা আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার কাছে তা জমা দিতে পারেন।
রোহিঙ্গা-অধ্যুষিত চট্টগ্রাম অঞ্চলের ৫৬টি উপজেলা/থানার (চট্টগ্রাম অঞ্চল) জন্য বিশেষ তথ্য ফরম, শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি, মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স/টিআইএন, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি, ভাড়াটিয়া হলে বাড়িভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র জমা দিতে হয়।
ইসি কর্মকর্তারা বলছেন, মিথ্যা তথ্য দেওয়া আইন অনুযায়ী অপরাধ। তারপরও অনেকেই এই অপরাধটি করে থাকেন। অনেকেই না বুঝে সরল বিশ্বাসেই করেন। এজন্য সবাইকে মামলা দেওয়া হয় না। মিথ্যা তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করলে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। মামলা দিলে ইসি কর্মকর্তাদের বাদী হতে হয়। প্রতি ক্ষেত্রে মামলা দিতে গেলে তা পরিচালনা করতেই ইসির ব্যাপক লোকবলের প্রয়োজন পড়বে। তাই সিস্টেম উন্নয়ন করা গেলে এমনিতেই মিথ্যা তথ্য দেওয়ার প্রবণতা কমে আসবে। তবে আগের চেয়ে অনেক ক্ষেত্রে সিস্টেমের উন্নয়ন হয়েছে। এখন কেউই আর ভুয়া শিক্ষা সনদ বা জন্মসনদ দিতে পারে না। এগুলো অনলাইনে যাচাই করার কারণে বিষয়টা কমে এসেছে। কাজেই প্রতিটি তথ্যই যদি অনলাইনে যাচাই করা যেত, তাহলে সব ধরনের কাগজপত্রই সহজে যাচাই করা যেত।
বর্তমানে ইসি সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ১ হাজার ২৪৩ জন।
মন্তব্য করুন