
কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ভবদহ অঞ্চলের নদী পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলমান এ কার্যক্রমকে ঘিরে নতুন আশার আলো দেখছেন ভবদহ অঞ্চলের মানুষ। তবে সেই আশার মাঝেই কেশবপুর উপজেলার বুড়ি ভদ্রা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে প্লাস্টিকের নেটের জাল টাঙিয়ে মাছ ধরার কারণে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এখনই এসব প্রতিবন্ধকতা অপসারণ করা না হলে নদী খননের সুফল অনেকটাই নষ্ট হয়ে যাবে এবং বর্ষা মৌসুমে আবারও ভয়াবহ জলাবদ্ধতার মুখে পড়তে পারে কেশবপুর।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলতাপোল ইউনিয়নের দুই পাশ দিয়ে প্রবাহিত বুড়ি ভদ্রা ও হরিহর নদী কেশবপুর অঞ্চলের বৃষ্টির পানি নিষ্কাশনের অন্যতম প্রধান প্রাকৃতিক জলপথ। পরে এ নদীগুলোর প্রবাহ চুকনগর হয়ে ভদ্রা নদীর সঙ্গে মিলিত হয়েছে। স্থানীয়ভাবে ‘তিন গাঙ্গের মাথা’ নামে পরিচিত নদীসংযোগস্থল থেকে মঙ্গলকোট, গোলাগাটা হয়ে কেশবপুরমুখী বুড়ি ভদ্রা নদীর বিভিন্ন স্থানে কিছু অসাধু জেলে বাঁশ পুঁতে পানির নিচ দিয়ে প্লাস্টিকের নেটের জাল স্থাপন করেছেন। এসব জালে কচুরিপানা, শ্যাওলা ও ভাসমান আবর্জনা আটকে নদীর স্বাভাবিক ¯্রােত বাধাগ্রস্ত হচ্ছে। ফলে কয়েক দিনের টানা ভারী বর্ষণের পরও বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না।
ইতোমধ্যে কেশবপুর পৌরসভার বিভিন্ন সড়ক, দোকানপাট, বসতবাড়ি ও আশপাশের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। অনেক কৃষকের জমিতে পানি জমে থাকায় আমন মৌসুমের আবাদ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, প্রতিবছর বর্ষা এলেই একই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের তৎপরতা খুব একটা চোখে পড়ে না।
ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ২০২৪ সালের ২৫ অক্টোবর সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি নদীর প্রায় ৮১ দশমিক ৫ কিলোমিটার পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সরকারের অঙ্গীকার ব্যক্ত করেন। একইভাবে ২০২৬ সালের ২৮ মার্চ কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বুড়ুলি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মনিরামপুর, কেশবপুর ও খুলনার ডুমুরিয়া উপজেলার সীমানা ঘেঁষে অবস্থিত ভবদহ এলাকার শ্রী নদীর ওপর নির্মিত ২১ ভেন্টবিশিষ্ট ভবদহ স্লুইসগেট দীর্ঘদিন ধরে এ অঞ্চলের পানি ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হচ্ছে। পলি জমে নদী ভরাট হয়ে যাওয়ায় বছরের পর বছর এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় ভুগছে।
এমন বাস্তবতায় নদী পুনঃখনন কার্যক্রম চললেও বুড়ি ভদ্রা নদীতে অবৈধভাবে নেটের জাল টাঙিয়ে পানির প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। আলতাপোল গ্রামের বাসিন্দা আতিয়ার রহমান বলেন, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করবে, এতে কারও আপত্তি নেই। কিন্তু বর্ষাকালে নদীর মাঝখানে জাল টাঙিয়ে পানির প্রবাহ বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখনই এসব জাল সরিয়ে দেওয়া দরকার।
কেশবপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নদী খনন করছে, যাতে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। কিন্তু একই সময়ে যদি নদীর মধ্যে অবৈধভাবে নেটের জাল টাঙিয়ে পানির প্রবাহ আটকে দেওয়া হয়, তাহলে সেই উদ্যোগের সুফল পাওয়া কঠিন হবে। প্রশাসনের উচিত বর্ষা মৌসুমে এসব জাল অপসারণে দ্রুত অভিযান পরিচালনা করা।
স্থানীয়দের অভিযোগ, শুশান্ত, শ্রীপদসহ প্রায় অর্ধশতাধিক জেলে নদীর বিভিন্ন অংশে এভাবে নেটের জাল ব্যবহার করছেন। তারা বলেন, মাছ ধরা জীবিকার অংশ হলেও বর্ষাকালে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে স্থায়ীভাবে জাল টাঙিয়ে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কেশবপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ^াস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন