
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূ ও মাঠে যাওয়ার পথে পুকুরে ডুবে কৃষ্ণপদ বৈদ্য (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার ধুমঘাট এলাকার মটেরচক ও শীলতলা গ্রামে পৃথক এ ঘটনা দুটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, সোমবার দুপুর ২টার দিকে মটেরচক গ্রামে বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিলেন খায়রুন্নেছা (৪০)। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।
এদিকে, ইউপি সদস্য কমলা রাণী জানান, খায়রুন্নেছার দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে, সোমবার সকাল বেলা ১১টার দিকে ধুমঘাটের শীলতলা গ্রামে আরেকটি দুর্ঘটনা ঘটে। কৃষক কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কৃষ্ণপদ পুকরে পড়ে পানিতে ডুবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী বলেন, বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এছাড়া পানিতে ডুবে এক কৃষকের মৃত্যুর ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন