
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় আহমাদ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও গাড়িতে থাকা আরো একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তরবেদকাশী ইউনিয়নের কাশিরহাট খোলা-কয়রা সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহমেদ আলী সানা (৭৫) উপজেলার উত্তর বেদকাশীর হাজতখালী গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আসরের নামাজ সেরে ওই বৃদ্ধ মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় কয়রা-কাশির হাট খোলা রোডে উপজেলা সদর থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কয়রা সদরের ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো: সবুজ অভিযোগ করে বলেন, কয়রা- কাঁশিরহাট সড়কাটি সোজা হওয়ায় যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতামূলক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন