
কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস পাচারকালে দুই মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনার দাকোপ উপজেলার নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ওই দুই এলাকা থেকে মোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শহিদুল গাজী (৪২) ও রসুল গাজী (২৩)। তারা উভয়ই খুলনার দাকোপ থানার বাসিন্দা।
পরে জব্দ করা হরিণের মাংস ও আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন পশ্চিম বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন