
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে নিজের মৎস্য প্রজেক্টে মাছের খাদ্য দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৫৮) নামে এক মৎস্য চাষীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া খানপাড়া গ্রামের মৃত গোলাম রহমান খানের মেজো ছেলে।
নিহতের ভাতিজা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শাকিল খান জানান, সকালে তার চাচা রফিকুল ইসলাম পিরোজপুর এলাকায় নিজের মৎস্য প্রজেক্টে মাছের খাদ্য দিতে যান। একপর্যায়ে তিনি প্রজেক্টের পানিতে নামলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান জানান, মৎস্য প্রজেক্টের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় পানি বিদ্যুতায়িত ছিল বলে জানা গেছে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন