
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা-কয়রার মানুষের চিকিৎসাসহ সব ধরনের আধুনিক সেবা নিশ্চিত করাই নিজের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি।
তিনি বলেন, মানবসেবার কাজে সবসময় আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুধু আমি একা নই, এই কাজে যারা সহযোগিতা করবেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। নিজের এলাকার গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত ছোট-বড় পরিসরে জনসেবামূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পাইকগাছা উপজেলার খড়িয়া মিলনবীথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দিনব্যাপী এ ক্যাম্পে ৩৫৫ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ক্যাম্পে সভাপতিত্ব করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. সৌমিত্র বৈরাগী (এমবিবিএস)। ক্যাম্প পরিচালনা করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের প্রতিনিধি মো. আরাফাত হোসেন।
ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে ৪০ জন ছানি রোগী শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া রোগীদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশনের মাধ্যমে উন্নতমানের লেন্স সংযোজন করা হবে। এছাড়া ৭০ জন রোগীর চোখ পরীক্ষা করে বিনামূল্যে চশমা এবং ৪০ জন রোগীকে বিনামূল্যে চোখের ওষুধ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য এ ধরনের ফ্রি চক্ষু ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করা হলে এলাকার সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
মন্তব্য করুন