
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের পাথরখালী ক্লোজার এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সাপটি নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়াবাদ স্টেশনের আওতাধীন শাকবড়িয়া বন টহল ফাঁড়ি সংলগ্ন লোকালয়ের পাথরখালী ক্লোজার এলাকার আফজাল সানার বাগানে অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। পরে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্য ও ভিটিআরটির উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট বলে জানা গেছে।
শাকবড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত)কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত বন বিভাগের সদস্য ও ভিটিআরটির উদ্ধার টিম নিয়ে সাপটি জীবিত উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
সুন্দরবন সংলগ্ন কয়রার লোকালয়ে এর আগেও অজগর সাপ চলে আসার ঘটনা ঘটেছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, জোয়ারের পানি বৃদ্ধি, বৃষ্টিপাত কিংবা খাবারের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, লোকালয়ে অজগর ও অন্যান্য বন্যপ্রাণী দেখা গেলে সেটিকে আঘাত বা হত্যা না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়া উচিত। উদ্ধার করা সাপকে নিরাপদে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হলে জীববৈচিত্র্য সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো, শরিফুল ইসলাম বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে আতংকিত না হয়ে বন বিভাগকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।
মন্তব্য করুন