
কয়রা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি ও কার্যকর প্রস্তুতি নিশ্চিত করতে খুলনার কয়রায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মানবকল্যাণ ইউনিটের সভাকক্ষে শনিবার ও রবিবার (২২ ও ২৩ আগস্ট) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণে উত্তরণের অ্যাকসেস প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, জরুরি সাড়া প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
একই সঙ্গে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব ও দুর্যোগকালে কার্যকর ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন উত্তরণের টেকনিক্যাল অফিসার মো. নিজামুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনার মো. সাকিবুল হাসান ও উত্তরণের ফিল্ড অফিসার মেহেদী হাসান টিটু।
প্রশিক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এ সময় ইউপি সদস্য আবু সাঈদ, ইউডিএমসি সদস্য ফরহাদ হোসেন, আশিকুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় কয়রায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে দক্ষ ও সক্রিয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে কমিটির সদস্যরা দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগকালীন সাড়া এবং পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতি মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
মন্তব্য করুন