
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এসব সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বপ্রাপ্ত) মিলন সাহা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
সভায় তিনি বলেন, কোনো অবস্থাতেই আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কর্মকাণ্ড বরদাশত করা হবে না। দল মতকে প্রাধান্য না দিয়ে অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকারি বরাদ্দের কাজ যথাযথভাবে করতে হবে, এখানে অন্যায় ও দুর্নীতি বরদাশত করা হবে না।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুশান্ত ঘোষ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক, সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ধলবাড়িয়া চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখেরুজ্জামান পল্টু, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, খানজিয়া বিজিবি ক্যাম্পের সুবেদার সাদেক প্রমুখ।
সভায় কালিগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে পৃথক তিনটি হত্যাকাণ্ড, মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের কারণে যুব সমাজের বিপথগামিতা, মোড়ে মোড়ে কেরাম বোর্ড খেলাবন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়নে এবং অপরাধ দমনে প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। মদ, জুয়া, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন