

রিজাউল করিম: শিশু অপ্রতিমসহ নিহত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবাধিকার কর্মী ও স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন এমএসএফ এর সমন্বয়কারী অ্যাড. সাইদুর রহমান, দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক উ এলাহী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, মহিলা পরিষদের সভাপতি আঞ্জুয়ারা মিলি, সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, আঃ সামাদ, আবু জাফর সিদ্দিকী, সিডো পরিচালক শ্যামল বিশ্বাস, অ্যাড. মনিরউদ্দীন, সেলিনা হাসিন, এড. নাহিদ সামস্, হেড পরিচালক লুইস রানা গাইন, মো: বায়জিদ হোসেন, নুসরাত জাহান, শেহনাজ পারভিন, জারিন তাসনিন প্রমুখ।
বক্তারা বলেন, দেশে উদ্বেগজনক হারে শিশু নিখোঁজ ও হত্যার ঘটনা বাড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, চলতি বছরের প্রথম আট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় মোট ১৫৫ শিশু নিহত হয়েছে। এর মধ্যে শারীরিক নির্যাতনে ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ এবং ধর্ষণের পর ২৬ শিশু হত্যার শিকার হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।
বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সরকারের দৃঢ় ভূমিকা ও প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এই পরিস্থিতির উত্তরণ সম্ভব নয়।
মানববন্ধনে মানবাধিকার সংগঠন স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, এইচআরডিএফ, এইচআরডি কোয়ালিশন, হিউম্যান রাইটস ল’ ইয়ারস ফোরাম, এইচআরডি নেটওয়ার্ক, উত্তরণ, সিডো, হেড, ক্রিসেন্ট ইয়ুথ স্কুল গার্লস গ্রুপ, সুন্দরবন ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ নেয়।
মন্তব্য করুন