
উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে ছাগল ও সেলাই মেশিন প্রদান করেছে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে দুই ইউনিয়নের মোট ৩০টি দরিদ্র পরিবারের মাঝে এসব বিতরণ করা হয়। এর মধ্যে ১৫টি পরিবারকে দুটি করে ছাগল এবং ১৫টি পরিবারকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলোকে এককালীন সহায়তার মধ্যে সীমাবদ্ধ না রেখে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করে আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ছাগল পালন ও সেলাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নিয়মিত আয়ের সুযোগ পাবে বলে আশা করছে ফাউন্ডেশন।
অনুষ্ঠানে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের সদস্য শারাফাতুর রহমান।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর জন্য শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে আয়ের সুযোগ সৃষ্টি করবে। ফলে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে তারা আশা করছেন।
মন্তব্য করুন