
ডেস্ক রিপোর্ট: কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরায় বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে শহরের নিউমার্কেট মোড়স্থ শহীদ স. ম আলাউদ্দীন চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম বিল্লাহ শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাঁড়, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান, অ্যাড. আকবার হোসেন, অ্যাড. শফিকুল ইসলাম, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ছাত্রনেতা শেখ আবু রায়হান, মো: নূরুন্নবী ও আল ইমরান ইমু, শ্রমিক নেতা আজিজ বাবু, নবাবজান, অজিয়ার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, জাকারিয়া হত্যার দেড় সপ্তাহ পার হতে চলেছে। কিন্তু আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা হতাশাজনক।
বক্তারা আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ মামলার সকল আসামিকে গ্রেপ্তার করা না হলে জেলাবাসীকে নিয়ে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশের চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাঙয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে যেয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজ ছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মন্তব্য করুন